পঞ্চগড় শহরে এক নারীকে শ্লীলতাহানি ও আঘাত করার দায়ে আমিনুর রহমান (৪৭) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম এই রায় দেন।
রবিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের সামনে এ ঘটনাটি ঘটে। আমিনুর রহমানের বাড়ি জেলা শহরের ইসলামবাগ এলাকায়।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের সামনে রিকশায় চড়ার সময় আমিনুর ওই নারীকে জড়িয়ে ধরে এবং তার মুখে আঘাত করে। এ সময় ওই নারী চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাকে আটক করে এবং গণপিটুনি দিয়ে দিয়ে পঞ্চগড় থানা-পুলিশে সোপর্দ করে।
পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
