ফিলিস্তিনের গাজা থেকে ছোড়া দূরপাল্লার রকেটে কমপক্ষে ছয় ইসরায়েলি আহত হয়েছেন।
সোমবার মধ্য ইসরায়েলের তেলআবিবে মিশমেরেত এলাকার এক বাড়িতে রকেটটি আঘাত হানে।
রয়টার্স জানায়, রাজধানী তেলআবিবের কৃষিপ্রধান উত্তরাঞ্চলীয় শহরে এ দিন ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
গাজা সীমান্তে ফিলিস্তিনিদের প্রতিবাদ বিক্ষোভের এক বছর পূর্তি সামনে রেখে এ হামলা হলে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নাহশন বলেন, গাজা থেকে ছোড়া রকেট মিশমেরেতের একটি বাড়িতে আঘাত হানে।
তবে এ ব্যাপারে ফিলিস্তিনি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি।
এপ্রিলের নির্বাচনে পঞ্চমবারের মতো ক্ষমতা নিশ্চিত করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফরে রয়েছেন। এমন সময় গাজা থেকে তেলআবিবে এ হামলা হলো।
হামাস সরকার নিয়ন্ত্রিত গাজা থেকে এর আগে ২০১৪ সালে দুই দেশের মধ্যকার সাময়িক যুদ্ধে এ ধরনের রকেট হামলা হয়েছিল।
