ফিলিস্তিনের গাজা থেকে ছোড়া রকেট হামলার ঘটনায় হামাসকে ‘কঠোর জবাব’ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার তেলআবিবের উত্তরাঞ্চলীয় শহরে এ রকেট হামলায় একটি বাড়ি গুঁড়িয়ে যায়। এতে আহত হন সাত ইসরায়েলি।
এপ্রিলের নির্বাচনে পঞ্চমবারের মতো ক্ষমতা নিশ্চিতের পথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে ওয়াশিংটন সফরে রয়েছেন। তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন বলে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে।
হামলার পরপরই ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধানের সঙ্গে ফোনে কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, ইহুদী রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে এ হামলা ‘অপরাধ’। সর্বশক্তি দিয়ে হামাসকে এর জবাব দেওয়া হবে।
এদিকে ইসরায়েলি হামলার আশঙ্কায় আত্মগোপনে গেছেন গাজার প্রতিরোধ সংগঠন হামাসের নেতারা। যদিও গাজার কোনো প্রতিরোধ সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।
রয়টার্সের ছবিতে দেখা যায়, সোমবার ভোরে চালানো এ রকেট হামলায় একটি বাড়ি সম্পূর্ণ গুঁড়িয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের স্থানও।
হামাস সরকার নিয়ন্ত্রিত গাজা থেকে এর আগে ২০১৪ সালে দুই দেশের মধ্যকার সাময়িক যুদ্ধে এ ধরনের দূরপাল্লার রকেট হামলা হয়েছিল।
