সিসি ক্যামেরায় ধারণকৃত এক ছিনতাইকারীর ছবি প্রকাশ করে তাকে ধরিয়ে দেওয়ার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজে ছিনতাইকারীর ছবি প্রকাশ করা হয়।
ডিএমপি নিউজে বলা হয়, ‘ছবিতে চিহ্নিত নীল শার্ট পরিহিত ব্যক্তিটি একজন ছিনতাইকারী। সিসি ক্যামেরার মাধ্যমে তার ছবি সংগ্রহ করা হয়েছে। তার পরিচয় জানা না থাকায় তাকে গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়েছে।’
আরও উল্লেখ করা হয়, গত ৮ মার্চ মো. সোহেল নামে একজন ব্যক্তি খিলক্ষেত থানায় করা এক মামলায় অভিযোগ করেন- গত ৬ মার্চ বেলা ১১ টায় ইসলামি ব্যাংক লিমিটেড থেকে এক লাখ ৫০ হাজার টাকা তুলে নিকুঞ্জ ২ এর ২নং রোডের গ্রামবাংলা রেস্টুরেন্টের বিপরীত পার্শ্বে পৌঁছালে ছবিতে চিহ্নিত নীল শার্ট পরিহিত ব্যক্তি ও তার সহযোগীরা মিলে তাকে জোরপূর্বক প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে মারধর করে এবং তার কাছে থাকা এক লাখ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
চিহ্নিত নীল শার্ট পরিহিত ছিনতাইকারী ও তার সহযোগী অন্যান্য ছিনতাইকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা চেয়ে আহ্বান জানানো হয়েছে। উল্লেখিত ব্যক্তির কোণ পরিচয় কিংবা সংবাদ পাওয়া গেলে খিলক্ষেত থানায় (ওসি-০১৭১৩-৩৭৩১৭৪) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
