সিরাজগঞ্জে ১৯৭১ সালে গণহত্যায় নিহতদের শহীদের মর্যাদা প্রদানের দাবি এবং ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় বাজার স্টেশন মুক্তির সোপান শহীদ বেদিতে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে পদযাত্রা শুরু হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। সিরাজগঞ্জ গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম এ পদযাত্রার আয়োজন করেন। শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, গাজী ফজলুর রহমান ফজলু, আব্দুল হাই তালুকদার, মুক্তিযোদ্ধা জগলু চৌধুরী, কমরেড নবকুমার কর্মকার প্রমুখ।
