রাজধানীর যাত্রাবাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। মো. শরিফ (৩১) নামে ওই যুবককে রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণের সময় আটক করা হয় বলে র্যাব জানিয়েছে। তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কর্ডারহাট গ্রামের ইয়াদ আলীর ছেলে।
র্যাব-১০ অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক কাইয়ুমুজ্জামান খান দেশ রূপান্তরকে বলেন, ‘শরিফ হিযবুত তাহরীরের মিডিয়া সেলের লিফলেট তৈরী ও বিতরণের দায়িত্বে ছিলেন। সে ও তার সহযোগীরা রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং গণতন্ত্রমনা সাধারণ মানুষের কাছে উগ্রবাদী বই ও লিফলেট বিতরণের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছিলো।’
এ ঘটনায় যাত্রাবাড়ি থানায় একটি মামলা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা কাইয়ুমুজ্জামান।
