হামাসের ঘাঁটিতে ইসরায়েলের পাল্টা হামলা

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০৯:১৪ এএম

তেলআবিবের একটি বাড়িতে রকেট হামলার পর গাজায় হামাসের ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, হামাসের রাজনৈতিক নেতাদের কার্যালয় এবং সামরিক গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সাতজন আহত হওয়ার কথা জানানো হয়েছে।

এর আগে ইসরায়েলি কমিউনিটিতে রকেট হামলার জন্য হামাসকে দায়ী করে আইডিএফ। ওই ঘটনায়ও সাতজন আহত হন।

এপ্রিলের নির্বাচনে পঞ্চমবারের মতো ক্ষমতা নিশ্চিতের পথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে ওয়াশিংটন সফরে রয়েছেন। তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন বলে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে।

ওয়াশিংটনে বসে তিনি সাংবাদিকদের বলেন, ‘ইসরায়েল এসব সহ্য করবে না, আমি করবো না। শক্তভাবে রকেট হামলার জবাব দেওয়া হবে।’

ফিলিস্তিনের ইসলামপন্থী সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বড় হামাস। ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলি দখলদারির অবসানের দাবিতে ‘ইন্তিফাদা’ বা ফিলিস্তিনি গণজাগরণ শুরুর পর ১৯৮৭ সালে হামাস গঠিত হয়।

হামাসকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আবার ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না হামাস। এ সংগঠনের আত্মঘাতী বোমারুরা ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত শেষ ইনতিফাদায় সহায়তা করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত