ফিলিস্তিনের গাজায় নতুন করে পুরোদমে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইতোমধ্যে গাজায় বিমান হামলায় ধ্বংস করে দেওয়া হয়েছে বেশকিছু সরকারি ভবন।
সোমবার ভোরে গাজা থেকে মধ্য ইসরায়েলের তেলআবিব শহরে দূরপাল্লার রকেট হামলা চালানো হয়। এতে মেশমেরেত এলাকার একটি বাড়ি বিধ্বস্ত হলে সাত ইসরায়েলি আহত হন।
হামলার পরপরই যুক্তরাষ্ট্র সফরে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু শক্তিপ্রয়োগের মাধ্যমে কড়া জবাব দেওয়ার ঘোষণা দেন। সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফেরেন।
সন্ধ্যায় শুরু হয় গাজার বিভিন্ন স্থাপনায় একের পর এক ইসরায়েলি বিমান হামলা। এতে ধ্বংস হয় গাজা সরকার হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার কার্যালয়। হামলার সময় সেখানে ছিলেন না হানিয়া।
রুশ চ্যানেল আরটি জানায়, নেতানিয়াহু সোমবার দেশে ফিরলেই সামরিক অভিযানের অংশ হিসেবে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল।
ইহুদি রাষ্ট্রটির প্রধানমন্ত্রী বলেন, “বড় ধরনের হামলাই আমরা চালিয়েছি। হামাসের জেনে রাখা উচিত, গাজা ঢুকে যে কোনো কিছু করতে আমরা দ্বিধা করি না।”
এদিকে সোমবার সন্ধ্যায় ইসরায়েলের বিমান হামলার জবাবে হামাস ৩০টির মতো রকেট ছোড়ে। তবে এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে একপর্যায়ে মিশরের হস্তক্ষেপে যুদ্ধ পরিস্থিতি থেকে পিছিয়ে আসে দুপক্ষই।
