আলজেরিয়ার প্রেসিডেন্টকে অযোগ্য ঘোষণার দাবি সেনাপ্রধানের

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১০:০০ পিএম

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফিকাকে দেশ শাসনে অযোগ্য ঘোষণার দাবি করেছেন সেনাপ্রধান লে. জেনারেল আহমেদ গায়েদ সালাহ।

বিবিসি জানায়, প্রায় ২০ বছর আলজেরিয়া শাসন করে আসা বুতেফিকার বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মধ্যে সেনাপ্রধান এ দাবি জানালেন।

মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে সেনাপ্রধান বলেন, “সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই এই সংকট থেকে বেরিয়ে আসতে আমাদের অবশ্যই একটি পথ খুঁজে বের করতে হবে।”

সংবিধানের ১০২ অনুচ্ছেদ প্রয়োগের আহ্বান জানিয়ে সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী বলেন, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সংবিধানই একমাত্র গ্যারান্টি।

যদি প্রেসিডেন্ট অযোগ্য হন তাহলে পদটি শূন্য ঘোষণা করতে সাংবিধানিক কাউন্সিলকে ক্ষমতা দিয়েছে দেশটির সংবিধানের ১০২ অনুচ্ছেদ।

এর আগে অব্যাহত গণবিক্ষোভের মুখে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেন বুতেফিকা। কিন্তু তিনি নির্বাচন স্থগিত করলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নিজের শাসন দীর্ঘায়িত করার পাঁয়তারা করছেন দীর্ঘদিন হুইল চেয়ারে চলাফেরা করা এই প্রেসিডেন্ট।

গত ২০১৩ সালে স্ট্রোকে আক্রান্ত হয়ে হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না ৮২ বছর বয়সী বুতেফিকা। এরপরেও তিনি তার ২০ বছরের শাসনামলকে আরও বেশি দীর্ঘায়িত করার ইচ্ছা পোষণ করলে আলজেরিয়ার জনগণ রাস্তায় নেমে আসে। একাধিক শহরের রাস্তায় লাখো মানুষের ঢল নামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত