নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকাকে নির্বাচনী এলাকা সোনারগাঁ ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু নির্দেশ উপেক্ষা করে নির্বাচনী এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়াসহ প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন তিনি।
সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক প্রার্থীর পক্ষ নেওয়ায় গত ২৫ মার্চের মধ্যে তাকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হলেও গতকাল ২৬ মার্চ সকালেই সোনারগাঁয়ে আসেন খোকা। সকালে দলীয় লোকজন নিয়ে স্থানীয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পর দিনব্যাপী নির্বাচনী প্রচারে অংশ নেন। গত সোমবার নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সাংসদকে নির্বাচনী এলাকা সোনারগাঁ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে জানার জন্য লিয়াকত হোসেন খোকার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
