রাজধানীতে কালবৈশাখীতে নারীর মৃত্যু

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১২:৫১ এএম

রাজধানীর ডেমরায় কালবৈশাখী ঝড়ে মাথায় বাঁশ পড়ে শিউলি বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ডেমরার হাজীনগরে নিহত ওই নারী পথচারি ছিলেন। দমকা বাতাসে নির্মাণাধীন একটি ভবন থেকে বাঁশ পড়ে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, এক সন্তানের মা ওই নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে হাজীনগর পুরাতন পাঁচ তলা এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় ঝড়ো বাতাস শুরু হয়। এ সময় অজ্ঞাত স্থান থেকে একটি বাঁশ অথবা কাঠের খণ্ড বাতাসে উড়ে এসে শিউলি বেগমের মাথায় পড়ে।

পরে লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিউলি শরীয়তপুরের সখিপুরের হাইমচর গ্রামের প্রয়াত ইয়াসিন ব্যাপারীর মেয়ে। তার স্বামী ইমরান হোসেন পোশাক কারখানার সুপারভাইজার। একমাত্র মেয়েকে নিয়ে থাকতেন হাজীনগর পুরাতন পাঁচ তলা এলাকায়।

শিউলির ছোটভাই মো. হাসান জানান, বিকেলে তাদের বাসার অদূরেই জাহাঙ্গীরেরর নির্মাণাধীন ভবনের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন শিউলি। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে ওই ভবনের উপর থেকে একটি বাঁশ শিউলির মাথায় পড়ে। এতে তার মাথা গুরুতর জখম হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ  ও পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ডেমরা থানাকে বিশেষ বার্তা পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত