নির্মাণের সময়ই ধসে পড়ল সরকারি স্কুলের ছাদ

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০৬:১৩ পিএম

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় ছাদ ধসে পড়ে বলে অভিযোগে জানা গেছে।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিসসূত্রে জানা গেছে,  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণের জন্য ২৯ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে দরপত্র আহ্বান করা হয়।

নির্মাণের শর্তানুযায়ী সর্বনিম্ন দরদাতা মেসার্স আমিন ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। সে অনুযায়ী ৩ জুন ২০১৮ তারিখে ওই প্রতিষ্ঠানের নির্মাণকাজ শুরু করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি চলতি মাসে শেষ হওয়ার কথা রয়েছে। 

শুক্রবার সকাল ৮টার দিকে ওই ভবনের ছাদ ভেঙে পড়ে। ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় ছাদ ভেঙে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ ছাড়া ওই বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার কাজ প্রায় ছয় মাস ধরে কচ্ছপগতিতে চলছে এবং বেশিরভাগ সময় কাজ রাতে করা হয় বলেও অভিযোগ রয়েছে।

নির্মাণকাজে নিয়োজিত থাকা তদারকি কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী মাইনুল ইসলামের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের কাজ দায়সারাভাবে দেখাশোনা করার অভিযোগ করে এলাকাবাসী।

এ ছাড়া ওই ছাদে বিম না করে শুধু কলামের ওপর নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে ছাদ ঢালাই করায় তা ভেঙে পড়েছে বলে স্থানীয়রা জানান।

উপসহকারী প্রকৌশলী (এসইও) মাইনুল ইসলাম যুগান্তরকে জানান, আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেঙেপড়া ছাদের কাজ নতুন করে শুরু হয়েছে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি সেলিম রেজা বলেন, আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের নির্মাণকাজের শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী মো. শাহীনুর আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, সব বিষয়ে অফিস প্রধানদের মতামতের প্রয়োজন নেই।

তবে কনস্ট্রাকশন কাজের ভুলত্রুটি হতেই পারে, এটি কোনো ব্যাপার নয়। ভুলত্রুটি হলে তা ঠিকাদার প্রতিষ্ঠান সমাধান করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত