বজ্রপাতে কিশোরগঞ্জ ও মানিকগঞ্জে দুই কৃষক মারা গেছেন। আহত হয়েছেন আরেক কৃষক। গতকাল বুধবার এ দুটি ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর:
কিশোরগঞ্জ : পাকুন্দিয়া পৌর এলাকার বরাটিয়া গ্রামে গতকাল দুপুর ১টার দিকে বজ্রপাতে শহিদ মিয়া (৪৯) নামের এক কৃষক মারা যান। এ ছাড়া আহত হন চাঁন মিয়া নামের এক ব্যক্তি।
পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, শহীদ মিয়া ও চাঁন মিয়া বাড়ির পাশের মাঠের আল থেকে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন। তাদের উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শহীদকে মৃত ঘোষণা করেন। চাঁন মিয়াকে মুমূর্ষু অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
মানিকগঞ্জ : জেলার শিবালয়ের শিমুলিয়া গ্রামে গতকাল সকালে বজ্রপাতে কৃষক পিয়ার আলী (৩৫) মারা যান। স্থানীয়রা জানান, পিয়ার আলী বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন। হঠাৎ ঝড়ের সময় বজ্রপাতে পিয়ার আলী আহত হন। মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
