আওয়ামী লীগ সভাপতি ছিঁড়ে নিলেন নেত্রীর কান

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১২:০৮ এএম

 

সিরাজগঞ্জে চৌহালী উপজেলার ওমরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল জোতপাড়া ইউএনও কার্যালয়ের সামনে একই ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বর আলেয়া খাতুনের (৪০) কান ছিঁড়ে নিয়েছেন।

বুধবার দুপুরে এ ঘটনায় আলেয়া খাতুনের বাম হাতও ভেঙে গেছে। তাকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ওমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মহিলা মেম্বর আলেয়া খাতুন ওই ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। এ ঘটনায় চৌহালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ ব্যাপারে চৌহালি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তাহির জানান, এ দিনদুপুরে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডলের বিরুদ্ধে মহিলা মেম্বার আলেয়া খাতুন ভিজিডি কার্ডের বরাদ্দ নিয়ে অনিয়মের একটি লিখিত অভিযোগ আমার কার্যালয়ে জমা দিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে।

মহিলা মেম্বর আলেয়া খাতুন জানান, নির্বাচিত হওয়ার পর থেকে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল তাকে নানাভাবে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ইউনিয়ন পরিষদের নানা উন্নয়নমূলক কাজ থেকে তাকে বঞ্চিত করে রাখা হচ্ছিল।

তিনি আরো বলেন, বুধবার চৌহালি ইউএনও’র কাছে তার নির্বাচনী এলাকার ভিজিডি কার্ডের বরাদ্দ নিয়ে চেয়ারম্যানের অনিয়মের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়ে ফেরার সময় চেয়ারম্যান আব্দুল মতিন ও তার লোকজন তাকে মারধর করে বাম হাত ভেঙে দেয় ও একটি কান ছিঁড়ে দেয়।

এ ব্যাপারে আহত মহিলা মেম্বর আলেয়া খাতুনের ছেলে মিলন পাশা জানান, আমার মাকে মারপিট ও লাঞ্ছিত করার ঘটনায় ইউপি চেয়ারম্যান মতিন মন্ডল ও তার সহযোগী ইউপি সদস্য আরফান আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল জানান, আমি একজন হাজি মানুষ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। কুপ্রস্তাব দেওয়ার প্রশ্নই আসে না। ভিডিজি কার্ডের কথা বলে ওই নারী সদস্যই জনসম্মুখে আমাকে কিলঘুষি দিয়ে আমার জামার কলার ছিঁড়ে দিয়েছে।

এ ব্যাপারে চৌহালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দু’পক্ষকেই সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত