কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় গতকাল বুধবার ভোরে গ্যাসের চুলা লিকেজ হয়ে এক প্রভাষকের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে পাঁচটি কক্ষ, দগ্ধ হয়েছেন এক স্কুলশিক্ষিকা।
বাড়ির মালিক এস এম খালিদ হোসেন জানান, তার বাড়ির ভাড়াটে মুকুল হোসেনের রান্নাঘরের গ্যাসের চুলার লিকেজ থেকে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আগুন পাঁচটি কক্ষে ছড়িয়ে পড়ে এবং আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। আগুনে ভাড়াটে জেনিট পিএল হাই স্কুলের শিক্ষিকা রেহেনা বেগম দগ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, ওই বাড়ির ভাড়াটে মুকুল হোসেনের কক্ষ থেকে আগুনের সূত্রপাত।
