বাগেরহাটে কবিতা খানম

পক্ষ নিলে ক্ষমা নেই নির্বাচন কর্মকর্তাদের

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০৩:২৫ এএম

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, বাগেরহাটে চতুর্থ ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে কোনো কর্মকর্তা কারও পক্ষ নিলে ক্ষমা পাবেন না। গতকাল বুধবার বিকেলে বাগেরহাট শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

কবিতা বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে যদি কেউ ব্যর্থ হন, তাহলে সঙ্গে সঙ্গে কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দিয়ে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করবেন। নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেবে। সুষ্ঠু ভোট না হলে সেই কেন্দ্রে কোনো প্রকার ভোটগ্রহণের চেষ্টা করবেন না। কাউকে কোনো ধরনের অবৈধ সুযোগ দেবেন না। নির্বাচনের দিন আপনাদের কাছে ভোটে দাঁড়ানো প্রার্থীদের পরিচয় শুধু প্রার্থী, অন্য কিছু নয়।’ তিনি বলেন, ‘আমরা লক্ষ করেছি স্থানীয়ভাবে অনেক জায়গায় প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং অফিসাররা প্রভাবিত হয়ে কারও কারও পক্ষে কাজ করেন। এ ধরনের কাজ যদি কেউ করেন, তাহলে কমিশন তাদের ক্ষমা করবে না। এ ধরনের অপরাধে কমিশনের বিশেষ আইন আছে, এমনকি আমরা ফৌজদারি আইনেও যাব। কমিশনের অর্পিত দায়িত্ব পালনে যদি কেউ বিচ্যুত হন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে কমিশন ত্রুটি করবে না।’

নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সতর্ক করে এই নির্বাচন কমিশনার বলেন, ‘চলতি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষ নিয়ে ব্যালটে ছাপ দেওয়ার অভিযোগে নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। সুতরাং আইনের বাইরে গিয়ে কোনো ধরনের কাজ করার চেষ্টা করা হলে তাকে ছাড় দেওয়া হবে না। তাতে তিনি যে পদমর্যাদার কর্মকর্তা হোন না কেন। তাই আপনারা ভোটগ্রহণে কোনো অনিয়ম করবেন না, এই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবেন না, কারও প্রতি পক্ষপাতমূলক আচরণ করবেন না। যদি কারও বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, তাহলে নির্বাচন কমিশন তদন্ত করবে। কমিশন যদি তার বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পায়, তাহলে কমিশনের বিশেষ বিধানসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী, জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত