চট্টগ্রামের লোহাগাড়ায় একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে শিশু ও নারীসহ আটজন নিহত হয়েছেন। আহতের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তারা মাইক্রোবাসের যাত্রী ছিলেন। এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় বুধবার দিবাগত রাত ২টায় চুনতির জাইল্যার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা রিলাক্স পরিবহনের একটি বাস চুনতি এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটজন মারা যান।
নিহত ৮জনের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- যথাক্রমে কক্সবাজারের ছনখোলার নয়া পাড়ার তসলিমা আক্তার (২০) ও তার মেয়ে সাদিয়া (২), হাসিনা মমতাজ (৪৫), চকরিয়ার মেধাকচ্চপিয়ার মো. নুরুল হুদা (২৫), লোহাগাড়া উপজেলার সিকদার পাড়ার মো. আফজাল হোসেন (৩০), বাঁশখালীর শেখেরখীল এলাকার মো. সায়েম (২২)। এ ছয়জনের মরদেহ তাদের স্বজনদের হস্তান্তর করা হয়েছে।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন জানান, মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ আটজন ঘটনাস্থলে মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের দল আহতদের উদ্ধার করে কক্সবাজার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
