চাঁদপুরে এক হাজার ৫ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে শহরের কাচাকলোনী এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। মডেল থানার এসআই মিরাজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
আটকরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া এলাকার সৈয়দ করিমের ছেলে মো. রাসেল (১৮) ও আয়ুব আলী ইসলামের ছেলে মো. মিজান (২০)।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম উদ্দীন জানান, আটক যুবকরা জন্মগতভাবে রোহিঙ্গা। তারা ইয়াবা পাচারের উদ্দেশ্যে কক্সবাজারের উখিয়া থেকে চাঁদপুর হয়ে ঢাকায় যাচ্ছিলেন। বৃহস্পতিবার ভোরে পুলিশ শহরের কাঁচাকলোনী এলাকায় তাদের সন্দেহ করে জিজ্ঞাসাবাদ ও শরীর তল্লাশি করে।
এ সময় তাদের কাছে ১ হাজার ৫ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। আটক মিজান ও রাসেলের স্বীকারোক্তিতে তারা রোহিঙ্গা বলে নিশ্চিত হওয়া যায়। তারা পেশাদার ইয়াবা পাচার চক্রের সদস্য বলে জানান তিনি।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে কোর্টে চালান দেয়া হয়েছে বলে জানান ওসি।
