অগ্নিকাণ্ডে গোপালগঞ্জের মুকসুদপুরের বাটিকামারী বাজারে ৯ দোকান এবং চাঁদপুরের ফরিদগঞ্জের কালিবাজারে পুড়ে গেছে ছয় ব্যবসা প্রতিষ্ঠান। গতকাল ভোরে এ দুই দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
গোপালগঞ্জ : মুকসুদপুরের বাটিকামারী বাজারে ৯টি দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজীব হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে বাটিকামারী বাজারের দিলীপ কুমারের শাড়ি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে তা ছড়িয়ে ওই বাজারের চারটি শাড়ি কাপড়ের, দুটি ওষুধের এবং তিনটি মোবাইল ফোনের দোকান পুড়ে যায়। মুকসুদপুর এবং ভাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
চাঁদপুর : ফরিদগঞ্জের কালিবাজারে কাপড় ও ক্রোকারিজের দোকানসহ ছয় ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বাজারের পশ্চিম গলিতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা ভোর ৬টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কাপড়ের দোকান, ব্রয়লার মুরগির দোকান, ইলেকট্রনিক্স, কোকারিজসহ প্লাস্টিকের দোকান ছিল। এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
