সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ৩ দালালসহ আটক ৩২

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০৬:০৮ পিএম

অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ৩ জন দালালসহ ৩২ জনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। দালাল ৩ জন ছাড়া আটককৃতদের মধ্যে রয়েছেন- ২২ জন রোহিঙ্গা, ৭ জন বাংলাদেশি নাগরিক।

শনিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়েছে।

আটকৃত দালালরা হলেন, টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মোহাম্মদ কবির, মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার শেখ মাহমুদ হাসান খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ভোর রাতে ছেঁড়াদ্বীপসহ সেন্টমার্টিনের কয়েকটি উপকূলে মালয়েশিয়া পাচারের উদ্দেশে কিছু সংখ্যক রোহিঙ্গা নিয়ে একটি মাছ ধরার ট্রলারে করে সাগরপথে যাত্রা শুরু করে। এ সময় খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা অভিযান শুরু করে। একপর্যায়ে ছেঁড়াদ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগর থেকে ২২ জন রোহিঙ্গা, ৭ জন বাংলাদেশি নাগরিক ও ৩ জন দালালকে আটক করা হয়।

তিনি জানান, অভিযানে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশ নিয়ে সহযোগিতা করেছে। আটককৃত রোহিঙ্গাদের টেকনাফ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে  সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের ওই কর্মকর্তা।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে পাচারকারীদের তৎপরতা রোধে পুলিশ সতর্কাবস্থায় রয়েছে। সাগর কিছুটা শান্ত থাকায় রোহিঙ্গাদের টার্গেট করে কয়েক মাস ধরে পাচারকারীরা রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাচ্ছে। এতে জড়িত রয়েছে কিছু রোহিঙ্গা দালাল। এ জন্য আমরা রোহিঙ্গা ক্যাম্পে এসব দালালদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি।

উল্লেখ্য, শুষ্ক মৌসুম শুরু হওয়ার পর থেকে সাগরপথে মালয়েশিয়ায় রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দেরও পাচারের ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত তিন মাসে সাগরপথে মালয়েশিয়ার যাওয়ার পথে কোস্টগার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে অন্তত ৩ শতাধিক রোহিঙ্গা। এ সময় আটক করা হয়েছে ২০ জন দালালকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত