‘বারবারেই আগুন লাগে ভোরে, কিছুই বুঝি না’

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০৬:৩৯ পিএম

‘আমার দোকান তো আপনার সামনে দেখেন সব পুড়ে ছাই, কিছুই আর নেই, পর পর দুবার, আর বারবারেই আগুন লাগে ভোরে কিছুই বুঝি না’।

রাজধানীর গুলশানের ডিএনসিসি মার্কেটের অনন্যা স্টোরের মীর হোসেন এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেন।

শনিবার ভোরে এ মার্কেটে আগুন লাগে। এতে দু শ’র বেশি দোকান পুড়ে যায়।

উপহার ক্রোকারিজের ম্যানেজার হাবিব বলেন, ‘ভাই ভোরের আগুনে আমার তিনটা দোকানের প্রায় ৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ছাই ছাড়া এখন আর কিছু দেখি না। আগের বারের আগুনে আমার দোকানের প্রায় সাড়ে তিন কোটি টাকার মালামাল পুড়ে গেছিল, সরকার একবার আইস্যা আমাদের মাথায় হাতও বুলায় দেয়নি’।

আগুনের হাত থেকে দোকানের বেঁচে যাওয়া টিন সরাতে সরাতে তিনি দেশ রূপান্তরকে বলেন, আগের আগুনের ঘটনায় সরকার আমাদের সাহায্য-সহযোগিতা করার কথা থাকলেও তারা আমাদের জন্য কিছুই করেনি। বস্তি পুড়লে কিছু ক্ষতিপূরণ দেয়। আমরা তাও পাইনি। পরে আমরা নিজেরাই ৫০ হাজার টাকা করে দিয়ে আবার দোকান তুলি আর এবারের আগুনে সব পুড়ে ছাই, আমাদের কিছুই রক্ষা হয়নি’।

ভাই ভাই জেনারেল স্টোরের ম্যানেজার মো. ইকবাল হোসেন পুড়ে যাওয়া দোকান দেখতে এসে দেশ রূপান্তরকে বলেন, আগুনে দোকানের মালের সঙ্গে আমাদের কপালও পুড়ছে’।

আরেক ব্যবসায়ী মো. মোরশেদ আলম নামের দেশ রূপান্তরকে বলেন, আমার কিছু বলার নাই। দুই বার পর পর আগুনে দোকান ঘর পোড়ার পর আর কিছু বলার থাকে না।

 

সম্রাট হোসেন নামের আরেক ব্যবসায়ী বলেন, আমাদের চারটি দোকানে কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো ধরনের সাহায্য-সহযোগিতা আমরা পাইনি বরং আমরা ধার-দেনা করে ব্যবসায় শুরু করেছি।

শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজার অংশে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট কাজ করে। তাদের যৌথ প্রচেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরপর অস্থায়ীভাবে দোকান তৈরি করে মার্কেটটি চালু করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত