বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস বাহিনীর পানির পাইপের ছিদ্র ঢেকে আলোচনায় এসেছিল শিশু নাঈম। তখন কেউ কেউ প্রশ্ন করেছিল ফায়ার সার্ভিসের পাইপে ছিদ্র কেন। বৃহস্পতিবার এ আগুন লাগে।
এরপর শনিবার ভোরের রাজধানীর গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটের অগ্নিকাণ্ড ঘটে। এখানেও আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস বাহিনীর পানির পাইপে ছিদ্র দেখা গেছে। তা বন্ধে সক্রিয় ছিলেন স্কাউট সদস্যের শিক্ষার্থীরা।
ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার ও আগুন নেভানোর কাজে তাদের ভূমিকা ছিল প্রশংসনীয়।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাংলাদেশ স্কাউটে যোগ দেওয়া শিক্ষার্থীরা কেউ ফায়ার সার্ভিসের পাইপ তুলে ধরে রাখছে। আবার কেউ ঘটনাস্থল থেকে সরাচ্ছে সাধারণ মানুষদের। যাতে তারা কাজে বাধা সৃষ্টি করতে না পারে।
কয়েকটি ছবিতে দেখা যায় রাস্তার মাঝখানে ফায়ার সার্ভিসের পাইপের ছিদ্র দিয়ে অনেক পানি বেরিয়ে যাচ্ছে। তা বন্ধে কয়েকজন তরুণের বেশ বেগ পেতে হয়।
কয়েকবারের চেষ্টায় তারা পানির বেগ কিছুটা কমিয়ে আনতে সক্ষম হন।
শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজার অংশে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট কাজ করে। তাদের যৌথ প্রচেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরপর অস্থায়ীভাবে দোকান তৈরি করে মার্কেটটি চালু করা হয়।
