দিনাজপুরের পার্বতীপুরে ১০০০টি পরিবার বিদ্যুতের আলো পেয়েছে।
শুক্রবার রাতে উপজেলার হরিরামপুর ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর রিফুজিসহ ৭ গ্রামে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক (জিএম) আমজাদ হোসেন, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক, হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহবুদ্দীন আহমেদ।
রিফুজি পাড়ার নাজিম উদ্দীন বলেন, তাকে বিদ্যুৎ সংযোগের জন্য অফিসে গিয়ে ধরনা দিতে হয়নি। ৪০০ টাকা জামানত আর ৫০ টাকা সদস্য ফি নিয়েই বিদ্যুৎ সংযোগ প্রদান করেছে।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পার্বতীপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মজিবুল হক জানান, পার্বতীপুর উপজেলায় বিদ্যুৎ সংযোগ এখন শতভাগের দিকে এগিয়ে যাচ্ছে। নির্মান করা হয়েছে ১ হাজার ১৫৩ কিলোমিটার বিদ্যুৎ লাইন। ২০০৮ সালে এই উপজেলায় গ্রাহক ছিল মাত্র ১৫ হাজার। বর্তমানে গ্রাহক সংখ্যা ৭৫ হাজার।
প্রায় আড়াইশ গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সেচ সংযোগ দেওয়া হয়েছে ২ হাজার ২২ টি গভীর ও অগভীর নলকুপে। সিস্টেম লস কমে এসেছে। গত দুই বছরেই তিনি ২৮ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করেছেন। আগামী জুন মাসের মধ্যে শতভাগ বিদ্যুৎ সংযোগ সম্ভব হবে। আর মাত্র ৫ শতাংশ বাড়ি সংযোগের বাইরে রয়েছে।
এখন আলোর ফেরিওয়ালা টিম ওই বাদপড়া বাড়ি গুলোকে খুঁজে বের করে সংযোগ প্রদান করছে। প্রতিদিন ২৫-৩০টি বাড়িতে সংযোগ করতে পারছে ওই টিম।
