কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ রোহিঙ্গা নেতা আবদুল মতলব (৭০) মারা গেছেন। গতকাল শনিবার ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মতলব ইয়াবা ব্যবসায়ীদের রোষানলে ছিলেন।
গত ২৪ মার্চ লেদা রোহিঙ্গা ক্যাম্পের তিন রাস্তার মাথায় সি-২৪ ব্লকের একটি পানের দোকানে বসা অবস্থায় হঠাৎ একদল অস্ত্রধারী আবদুল মতলবকে লক্ষ করে গুলি চালায়। এ সময় পাশে থাকা লোকজন এগিয়ে এলে অস্ত্রধারীরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যাম্প এলাকার একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য মতলবকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন চিকিৎসক। সেখান থেকে তাকে নারায়ণগঞ্জ নেওয়া হয়।
টেকনাফ লেদা ক্যাম্পের ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সহকারী ইনচার্জ মো. শাহজাহান সত্যতা নিশ্চিত করে জানান, আবদুল মতলব মিয়ানমারের মংডুর উদং গ্রামের বাসিন্দা ছিদ্দিক আহমদের ছেলে। তিনি মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে এসেছেন ২০০৩ সালে। এরপর থেকেই টেকনাফে অবস্থান করছেন। মতলব হ্নীলা ইউনিয়নের লেদা ক্যাম্পের ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন।
