শীতলক্ষ্যায় কার্গোর ধাক্কায় সিমেন্টবাহী ট্রলারডুবি

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০২:১১ এএম

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর ৫নং ঘাটের সামনে কার্গো জাহাজের ধাক্কায় সিমেন্টবাহী একটি ট্রলার ডুবে গেেেছ। এতে একজন নিখোঁজ রয়েছে। গতকাল শনিবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ট্রলারটি ১ হাজার ৭শ বস্তা সিমেন্ট নিয়ে চাঁদপুরের মতলবে যাচ্ছিল। গতকাল বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রলার উদ্ধারে নৌপুলিশ, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশি চালাচ্ছিল।

নৌপুলিশের সদস্যরা জানান, শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে বন্দর উপজেলায় গড়ে ওঠা আকিজ সিমেন্ট কারখানা থেকে বিসমিল্লাহ পরিবহন নামে একটি ট্রলার শনিবার ভোরে ১ হাজার ৭শ বস্তা সিমেন্ট নিয়ে চাঁদপুরের মতলবের উদ্দেশে রওনা দেয়। সিমেন্ট বোঝাই ট্রলারটি শীতলক্ষ্যা নদীর ৫নং ঘাট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় মাঝনদীতে ডুবে যায়। এ সময় সিমেন্ট বোঝাই ট্রলারে থাকা দুই শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নদীতে তলিয়ে যায় জুয়েল নামে এক শ্রমিক।

নারায়ণগঞ্জ নৌ-থানার ওসি আবদুল হাকিম আজাদ জানান, খবর পাওয়ার পর পরই নৌপুলিশের উদ্ধারকর্মীরা বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদের সঙ্গে নিয়ে নদীতে তল্লাশি শুরু করে। ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা হলেও জুয়েলের সন্ধান পাওয়া যায়নি। সে নেত্রকোনার কলমাকান্দা থানার বৈদ্যারগাঁও গ্রামের চান মিয়ার ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত