কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলায় আটজনকে পুড়িয়ে হত্যার মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন আদেশের ওপর ৭ এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
পাশাপাশি ওই দিনই বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন আদালত।
খালেদার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর রোববার শুনানি নিয়ে এ আদেশ দেন চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান।
এ মামলায় জামিন পেতে ২৭ ফেব্রুয়ারি আবেদন করা হলে ৬ মার্চ শুনানি নিয়ে খালেদা জিয়াকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।
এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর ধারাবাহিতায় চেম্বার আদালতে শুনানি শেষে এ আদেশ আসে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ। খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম এহসানুর রহমান।
এর আগে এ মামলায় কুমিল্লার বিচারিক আদালতে গত ৪ ফেব্রুয়ারি খালেদা জিয়ার জামিনের আবেদন নামঞ্জুর হয়। দুটি দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে রাখা হয়েছে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে।
আইনজীবী সূত্র জানায়, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতাল চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় আইকন পরিবহন নামে একটি নৈশকোচে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় বাসের মধ্যে আগুনে পুড়ে সাতজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো একজন।
আহত হন অন্তত ২৭ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় হত্যা ও বিস্ফোরক আইনে ৭৭ জনকে আসামি করে পৃথক মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে কুমিল্লার সংশ্লিষ্ট বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।
