পানির দামে বিক্রি হচ্ছে পোড়া পণ্য

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১১:৫১ পিএম

রাজধানীর গুলশানের ডিএনসিসি কাঁচাবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানের যেসব মালামাল ভালো রয়েছে সেগুলো পানির দামে বিক্রি করতে দেখা গেছে দোকান মালিকদের। এর মধ্যে বেশির ভাগই ক্রোকারিজ আর প্রসাধনী পণ্য। আসল দামের তিন ভাগের এক ভাগ দামে এসব মালামাল বিক্রি হচ্ছে বলে দাবি দোকান মালিকদের।

রোববার দিনভর ডিএনসিসি পাকা মার্কেটের সামনে দোকান মালিকরা এসব মালামাল বিক্রি করেছে। ক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতন।

সকালে থেকেই নেওয়াজ এন্টার প্রাইজ, রিফ্লেকশন কসমেটিকসসহ বেশ কিছু দোকানের মালিককে কসমেটিকস বিক্রি করতে দেখা গেছে। রিফ্লেকশন কসমেটিকস এর মালিক মো. সরওয়ার বলেন, ‘দোকানে ২৫ লাখ টাকার মালামাল ছিল। সেখান থেকে তিন চার হাজার টাকার মাল বেচতে পেরেছি।’

মণি আক্তার নামের এক ক্রেতা বলেন, আমি আইলাইনার ও ফেইস পাউডার কিনেছি ১০০ টাকা দিয়ে। এগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি। এমনি সময়ে এর দাম ৩০০ টাকা।

এদিকে বিভিন্ন ক্রোকারিজের দোকানের কিছু কিছু মালামাল পুড়ে কালো হলেও ব্যবহারের উপযোগী থাকায় বিক্রি করতে দেখা গেছে। এগুলোও আসল দামের অনেক কমে বিক্রি করছে বলে জানান তারা।

মা রেকসিন হাউসের মালিক আবদুস সালাম বলেন, ‘১২ শত টাকা দামের কড়াই ৪ শত টাকায় বিক্রি করছি। কেক ডাইস, থালা, বাটি, গ্লাস পানির দামে ছেড়ে দিচ্ছি। অন্যরাও একই রকম দামে বিক্রি করে দিচ্ছে। দোকান পুড়ে যাওয়াতে এগুলো রাখার মতন জায়গা নেই। তাই বেঁচে দিচ্ছি। এগুলো বেঁচে বাসার কাঁচা বাজার টুকুও যদি করা যায়।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত