তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) দেশটির স্থানীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে একেপি ২৪টি শহরে জিতলেও হেরেছে রাজধানী আঙ্কারায়।
দেশটির সংবাদ সংস্থা আনাদলু জানায়, রবিবার অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে একেপি প্রার্থীরা ৪৪.৪২ শতাংশ ভোট পেয়েছে। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) পেয়েছে ৩০.০৭ শতাংশ ভোট।
সোমবার সকালে ঘোষিত ফলাফলে দেখা যায়, ১৫টি মেট্রোপলিটন মিউনিপালটি এবং ২৪টি শহরে জিতেছে একেপি প্রার্থিরা। অন্যদিকে সিএইচপি জিতেছে ১১টি মেট্রোপলিটন মিউনিস্যাপলটি এবং ১০টি শহরে।
অধিক সংখ্যক শহরে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হলেও রাজধানী আঙ্কারা হাতছাড়া হয়ে গিয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের একেপির। নির্বাচন কমিশন জানিয়েছে, শহরটিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সিএইচপি প্রার্থী। একইভাবে দেশটির সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলেও এগিয়ে আছে সিএইচপি প্রার্থী।
