সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বাহিনীর হাতে পতন হয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) খেলাফতের। কিন্তু কোথায় সে কথিত খলিফা আবু বকর আল-বাগদাদি?
দ্য আটলান্টিক জানায়, আইএস মোকাবিলায় বিশেষ মার্কিন দূত জেমস জেফরি বলেন, আমরা জানি না সে এখন কোথায়?
সোমবার তিনি সাংবাদিকদের বলেন, আইএস সহ অন্যান্য সন্ত্রাসী সংগঠনের শীর্ষ নেতৃত্বকে খুঁজে বের করা সব সময় আমরা প্রাধান্য দিই।
সাড়ে চার বছর আগে তাকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। মসুলে তিনি জনসাধারণের সামনে খেলাফতের ঘোষণা দিয়েছিলেন। এরপরে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। ইতিমধ্যে তাকে খুঁজতে যুক্তরাষ্ট্রের খরচ হয়ে গেছে ২৫ মিলিয়ন ডলার।
যদিও একাধিকবার তার মৃত্যুর গুজব উঠেছিল। তবে গত গ্রীষ্মেও একটি রেকর্ডিং থেকে তার কণ্ঠ শনাক্ত করেছে বিশেষজ্ঞরা। আইএস যোদ্ধাদের স্বাধীনভাবে লড়াই করে যাওয়ার নির্দেশ দিচ্ছিলেন এতে তিনি।
আইএস মোকাবিলায় মার্কিন বাহিনীর এক মুখপাত্র দুই বছর আগে সংবাদ সংস্থা এপিকে বলেছিলেন, দীর্ঘদিন ধরে বাগদাদি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। এ সপ্তাহেও একইভাবে এক মুখপাত্র বলেন, তার উপস্থিতি বা অনুপস্থিতি আইএসের বর্তমান কার্যক্রমের ওপর কোনো প্রভাব ফেলবে না।
এর আগে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করে এক দশক পার করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ২০১১ সালে নেভি সিলের একটি দল পাকিস্তানে তাকে হত্যা করে।
