দুই মাদক ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ০৮:৩৭ পিএম

ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বিক্রেতাকে দশ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, পরিশোধ না করলে আরো তিন মাস করে কারাদণ্ড- প্রদান করা হয়।

সোমবার দুপুর ১টায় ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসকে. এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রুবেল হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। অপর দণ্ডপ্রাপ্ত রাসেল হোসেন পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৯ অক্টোবর দুপুরে সুগন্ধা নদী সংলগ্ন মালিপুর চর এলাকা থেকে ৫০১ বোতল ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে আটক করে বরিশাল র‌্যাব ৮ এর একটি দল। এ ঘটনায় র‌্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) এ কে এম হোসেন শাহরিয়ার বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল হাওলাদার নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকার আশ্রাফ হাওলাদারের ছেলে এবং রাসেল হাওলাদার একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত