নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকা থেকে শিশুর তিন টুকরা কাটা লাশ উদ্ধার করেছে ফতুল্লা থানা পুলিশ।
সোমবার সকাল ৯ টায় জামতলা শাহীন ডাক্তার রোডে চিটচ্যাট রেস্টুরেন্টের সামনে থেকে এক মাসের একটি শিশুর অর্ধেক শরীর পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী হাসান দেশ রূপান্তরকে বলেন, সকালে রেস্টুরেন্ট এর সামনে শিশুটির এক টুকরা কাটা লাশ পরে থাকতে দেখি এবং পাশে একটি কুকুর বসে পাহারা দিচ্ছে। আমি তা দেখে ৯৯৯ কল দিয়ে জানালে ফতুল্লা থানায় আমার সাথে যোগাযোগ করিয়ে দেয়। তার ৩০ মিনিট পর ফতুল্লা থানা থেকে পুলিশ আসে এবং ময়লার স্তুপ থেকে থেতলানো মাথাটি উদ্ধার করে।
কাটা শিশুর লাশের ব্যাপারে ফতুল্লা থানার উপ-পরিদর্শক মুঈনুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, কে বা কারা শিশুটিকে কি জন্য হত্যা করেছে তা জানি না। তবে শিশুটিকে তিন টুকরা করে হত্যা করা হয়েছে। শিশুটির কপাল, মুখ মন্ডল, ঠোঁট থেঁতলানো। চোখ নেই। গলা থেকে বুক পর্যন্ত কাটা হয়েছে, গলা হাত দুটি নেই। কোমর থেকে পা দুটি স্বাভাবিক কিন্তু দুই পা হালকা বাঁকানো। এছাড়া যৌনাঙ্গ স্বাভাবিক শুধু মলদ্বার দিয়ে হালকা রক্ত নির্গত হয়েছে। তবে শিশুটিকে কীভাবে বা কেনো মারা হয়েছে তার সঠিক তথ্য আমাদের জানা নেই।
শিশুর লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
