গতকাল সোমবার থেকে এইচএসসি পরীক্ষা শুরু হলেও প্রবেশপত্র না পাওয়ায় অংশগ্রহণ করতে পারেনি অসীম সরকার। সে নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার হায়াতপুর গ্রামের বাদল সরকারের ছেলে এবং খালিয়াজুরি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
অসীমের বাবা বাদল সরকার বলেন, ‘কলেজ কর্র্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার কারণে আমার ছেলের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। সে নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন, টেস্ট পরীক্ষা ও ফরম পূরণের টাকাসহ সব শর্ত পূরণ করলেও কলেজ কর্র্তৃপক্ষের অবহেলায় তার প্রবেশপত্র আসেনি।’
অসীম সরকার গত রবিবার সাংবাদিকদের বলেন, ‘আমি নিয়মিত পড়াশোনা ও পরীক্ষায় অংশগ্রহণ করতে সব শর্ত পূরণ করেছি। কলেজে প্রবেশপত্র আনতে গিয়ে জানতে পারি, আমার প্রবেশপত্র আসেনি। আমার ফরম পূরণের টাকা নাকি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুকূলে জমা প্রদান সম্পন্ন হয়নি। এ বিষয়ে কলেজ কর্র্তৃপক্ষ আমাকে আরও আগে জানাতে পারত।’
খালিয়াজুরি কলেজের অধ্যক্ষ ফণীভূষণ সরকার জানান, অনলাইনে তথ্য পূরণে ত্রুটিজনিত কারণে অসীমের ফরম পূরণের টাকা বোর্ডে জমা হয়নি। তিনি বলেন, ‘বিষয়টি জানার পর আমরা চেষ্টা করেছি। কিন্তু সময় শেষ হয়ে যাওয়ায় টাকা জমা দেওয়া সম্ভব হয়নি। তাই অসীমের প্রবেশপত্র সংগ্রহ করা যায়নি।’
