মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির দুদিন পর নড়াইল সদর উপজেলার ধোন্দা গ্রামের আকমল শেখকে (৫০) পঞ্চগড় জেলা থেকে উদ্ধার করে পুলিশ। গত রবিবার রাতে উদ্ধারের পর গতকাল সোমবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয় তাকে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, নড়াইল সদর উপজেলার ধোন্দা গ্রামের মৃত দলিল উদ্দিন শেখের ছেলে আকমল শেখকে গত ২৯ মার্চ অজ্ঞাত ব্যক্তি কৌশলে মোবাইল ফোনে ডেকে নিয়ে অপহরণ করে। পরে আকমল শেখের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে।
এ ঘটনায় আকমল শেখের পরিবার থানায় অভিযোগ দিলে প্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান শনাক্ত করা হয়। পরে গত রবিবার পুলিশের একটি দল পঞ্চগড়ের বোদা থানার বৈরতি গ্রাম থেকে অপহৃত আকমল শেখকে উদ্ধার করে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, পঞ্চগড় জেলার পুলিশের সহযোগিতায় আজমল শেখকে উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
