টিপিআর সভায় যোগ দিতে জেনেভায় বাণিজ্যমন্ত্রী

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০১:২৬ এএম

বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) বাংলাদেশের পঞ্চম ট্রেড পলিসি রিভিউ (টিপিআর) সভায় যোগ দিতে গতকাল সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সভায় বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি, আমদানি-রপ্তানির সার্বিক চিত্র ও বিনিয়োগ বাড়ানোর পরিবেশ সৃষ্টি, বিনিয়োগবান্ধব মুদ্রানীতি পর্যালোচনা করা হবে। এ ছাড়া, রাজস্ব আয় বাড়াতে আইনগত সংস্কারসহ কর ব্যবস্থাপনায় পরিকল্পিত কার্যক্রম নেওয়া, জিডিপিতে শিল্প খাতের অবদান বাড়াতে কার্যকর শিল্পনীতি প্রণয়ন, শ্রম আইন আন্তর্জাতিক মানে উন্নীত করা, মেধাস্বত্ব সংরক্ষণ ও সুশাসন নিশ্চিত করতে নীতি প্রণয়ন, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় চুক্তি বাস্তবায়নসহ বাণিজ্য সংশ্লিষ্ট বিষয় আলোচনা হবে।

এর আগে ১৯৯২ সাল থেকে চার দফায় বাংলাদেশ টিপিআর সভায় অংশ নিয়েছে। বিশ্ববাণিজ্যে অংশ বিবেচনা করে স্বল্পোন্নত দেশের ক্ষেত্রে প্রতি সাত বছর অন্তর এবং অন্যান্য দেশের ক্ষেত্রে ৩ থেকে ৫ বছর অন্তর ট্রেড পলিসি রিভিউ করা হয়। সংস্থাটির সদস্য হিসেবে বাংলাদেশের জন্য ট্রেড পলিসি রিভিউ করা বাধ্যতামূলক। কোনো সদস্য দেশে বাণিজ্য সংক্রান্ত কর্মকান্ডে ডব্লিউটিওর নিয়মনীতির সঙ্গে কোনো অসংগতি থাকলে তাও এ সভায় মূল্যায়ন করা হয়। সদস্য দেশকে সুনির্দিষ্ট প্রশ্ন ও পরামর্শ দেওয়া হয়। পরে ডব্লিউটিও সচিবালয় থেকে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়।

জেনেভার সভায় টিপু মুনশির নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধিদল যোগ দেবে। তাতে বাংলাদেশ ব্যাংক, কৃষি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, শিল্প মন্ত্রণালয়, এফবিসিসিআই ও বিজিএমইএর প্রতিনিধি রয়েছেন। আগামী ৯ এপ্রিল টিপু মুনশির দেশে ফেরার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত