মুক্তিযোদ্ধা ফারুক হত্যা

সাবেক সাংসদ রানার জামিন আপিলে বহাল

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০২:০৯ এএম

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক হোসেন হত্যা মামলায় সরকারদলীয় সাবেক সাংসদ আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল সোমবার হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ। ফলে হাইকোর্টের আগের আদেশ বহাল রইল বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে রানার পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও মনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ।

এর আগে ফারুক হত্যা মামলায় গত ১৪ মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রানাকে ছয় মাসের জামিনের আদেশ দিয়েছিল। ওই আদেশ স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। পরে গত ২৫ মার্চ চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। এরই ধারাবাহিকতায় গতকাল শুনানি হয়।

এদিকে টাঙ্গাইলের দুই যুবলীগ নেতা হত্যা মামলায় রানা গত ৬ মার্চ হাইকোর্ট থেকে জামিন পেলেও ১৪ মার্চ চেম্বার আদালতে হাইকোর্টের ওই আদেশ স্থগিত হয়ে যায়। রানার পক্ষের আইনজীবী আতাউল গনি গতকাল জানান, এই মামলায় চেম্বার আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করবেন তারা।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় করা মামলায় রানাকে ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়। পরে ২০১৭ সালের ১৩ এপ্রিল এ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তার জামিন আপিল বিভাগে আটকে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত