রাজবাড়ীর পদ্মা নদীতে পৃথক নৌকা ডুবিতে নিখোঁজ দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরেক ব্যক্তি।
রাজবাড়ী থানা পুলিশ জানায়, মঙ্গলবার সকালে পদ্মা নদীর চরনায়ায়নপুর এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা সেটি উদ্ধার করে। পরে উদ্ধারকৃত লাশের পরিচয় মেলে। এটি নিখোঁজ রশিদ শেখের লাশ বলে দাবি করেন তার স্বজনেরা।
রশিদ শেখ রাজবাড়ী সদর উপজেলার চর নারায়নপুর এলাকার মোচন শেখের ছেলে।
অপরদিকে সকালে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় একজনের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার লাশটি পদ্মা নদীতে নিখোঁজ বাবলুর বলে জানা গেছে। বাবলু গোয়ালন্দ উপজেলার দেবোগ্রাম এলাকার হাতেম আলীর ছেলে। তবে বাবলুর সহোদর জীবন এখনও নিখোঁজ রয়েছে।
গত রোববার কালবৈশাখী ঝড়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ও সদর উপজেলার চর নারায়নপুর এলাকায় পৃথক নৌকা ডুবিতে পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় রশিদ শেখ, জীবন ও বাবলু নামের তিন ব্যক্তি।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ সফি জানান, রোববারের কালবৈশাখী ঝড়ে পদ্মায় মাছ ধরতে গিয়ে আপন দুই ভাই নিখোঁজ হয়। রোববার ও সোমবার দুইদিন ফায়ার সার্ভিস ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পদ্মা নদীর বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করা হয়।
তিনি জানান, বাবলুর লাশ পাওয়ার পর তার সহোদর জীবনকে উদ্ধার করতে অভিযান চলমান আছে।
