সাতক্ষীরায় এক এনজিওকর্মীকে মারপিট করে জিহ্বা কেটে টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ মঙ্গলবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
গুরুতর আহত বেসরকারি উন্নয়ন সংস্থা আশার ওই কর্মীর নাম জাহিদুল ইসলাম (৪০)। তিনি কলারোয়া উপজেলা সদরের তুলসী ডাঙা গ্রামের মিজানুর রহমানের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, রাতে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গাভা ওয়াপদা সড়কের একটি কালভার্টের পাশে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আশা সমিতির ব্যাংদহা শাখার মাঠ কর্মী জাহিদুল ইসলাম রাতে ঋণ ও সঞ্চয় আদায় শেষে অফিসে ফিরছিলেন। পথিমধ্যে ওয়াপদা সড়কের কালভার্ট সংলগ্ন বেড়িবাঁধের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল যোগে আসা তিন দুর্বৃত্ত তার বাইসাইকেলের গতিরোধ করে। এরপর তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার ব্যাগে থাকা প্রায় ২০ হাজার টাকা ছিনতাই করে নেয়। এতে বাঁধা দেওয়ায় সন্ত্রাসীরা তার গলা চেপে ধরে জিহ্বা কেটে ক্ষতবিক্ষত করে এবং মারপিট করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ব্যাংদহা বাজারের গ্রাম্য ডাক্তার সুমল কুমারের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা আশার সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক মো. শাহজাহান আলী জানান, এ ঘটনায় ব্যাংদহা শাখার ব্যবস্থাপক আল আমিন আল মামুন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি আরও জানান, গত মার্চ মাসের ৯ তারিখে জাহিদুল ইসলাম ব্যাংদহা শাখায় যোগদান করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এনজিওকর্মীর জিহ্বা কেটে হত্যাচেষ্টার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তিনি আরও জানান, দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
