আলেপ্পোর রহস্যময় ‘হলুদ মানব’

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১০:২৭ পিএম

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর বাসিন্দা আবু জাক্কুর। গত ৩৬ বছর ধরে মধ্যযুগীয় দুর্গ রক্ষকদের মতো মাথা থেকে পা পর্যন্ত ঢাকা পোশাক পরিধান করে আসছেন তিনি। তবে ৭০ বছর বয়সী জাক্কুর শুধু হলুদ রঙেরই পোশাক পরেন। এর বাইরে অন্য কোনো রঙের পোশাক পরিহিত অবস্থায় তাকে দেখা যায়নি।

আলেপ্পোর এই তথাকথিত ‘হলুদ মানব’ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখাতে চাইছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘১৯৮৩ সাল থেকে আমি হলুদ পোশাক পরছি। আমার সবকিছুই হলুদ। জামা, মোবাইল, বালিশ, ঘড়ি সবই হলুদ। আমি সত্যিই হলুদের ঝলক ভালোবাসি।’

আলেপ্পোর মধ্যাঞ্চলীয় সাদাল্লাহ আল জাবিরি স্কয়ারে তাকে সবসময় দেখা যায়। আর তাকে ঘিরে থাকে উৎসুক জনতার ভিড়। মানুষদের মাঝে তার ছবি তোলার হিড়িক দেখা যায়। এক কিলোমিটার রাস্তা হেঁটে যেতে তার প্রায় চার ঘণ্টা সময় লেগে যায়। কারণ রাস্তায় মানুষ তাকে থামিয়ে ছবি তুলে নিয়ে যায়। তবে শহরের এক প্রান্তে একাকী বাস করেন জাক্কুর। তার বাসস্থানেও দেখা যায় হলুদের সমারোহ। ব্যালকনিতে ঝুলে থাকা হলুদ অন্তর্বাস, হলুদ জুতা, চেয়ার, টেবিলসহ সবকিছুই হলুদ। কেন সব কিছুতেই তার হলুদ রং পছন্দÑ এর কোনো সঠিক কারণ তিনি বলেননি। এর পেছনে গোপন কারণ আছে বলে তিনি বলেন।

তার জনপ্রিয়তা এত যে শহরের একটি রেস্টুরেন্টে তার একটি ভাস্কর্য তৈরি করে রাখা আছে। ওই ভাস্কর্যের গায়ে লেখা আছে ‘দ্য ট্রাম্প অব আলেপ্পো’। তার ভাস্কর্যের কাছেই ঝুলে আছে সিরিয়ার সংগীতজ্ঞ সাবাহ ফাখরির দীর্ঘ একটি ছবি। রেস্টুরেন্ট মালিক মাজিদ শারশাকজি বলেন, ‘আবু জাক্কুর আমাদের আলেপ্পোর ঐতিহ্যের অংশ। তাই আমরা তার ভাস্কর্য স্থাপন করেছি।’ পূর্ব আলেপ্পো যখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল তখন জাক্কুরকে বন্দি করা হয়েছিল সরকারি বাহিনীর সঙ্গে আঁতাতের অভিযোগে। তখন বিদ্রোহীরা অনেক চেষ্টা করেছিল তার পোশাক খুলতে। কিন্তু হাজার নির্যাতনেও সে হলুদ পোশাক ত্যাগ করেননি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হলুদ পোশাক পরবেন বলেও জানান জাক্কুর। সূত্র : এএফপি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত