চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ ছাত্র হলে তল্লাশি চালিয়ে দুটি পাইপগান ও ১২৮ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার গভীররাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহযোগিতায় এ তল্লাশি চলে। এ সময় কাউকে আটক করা হয়নি বলে জানান সহকারী প্রক্টর লিটন মিত্র।
ফেইসবুকে মন্তব্যকে কেন্দ্র করে গত রোববার দুপুরে সংঘর্ষে জড়ায় চবি ছাত্রলীগের দুটি গ্রুপ। এ ঘটনার জেরে সোমবার সারাদিন ক্যাম্পাসে দেশীয় অস্ত্রের মহড়া দেয় দুই পক্ষের নেতাকর্মীরা। এ ঘটনায় রাত ২টার দিকে ছাত্রদের এ এফ রহমান, আলাওল, সোহওয়ার্দী, শাহ আমানত এবং আবদুর রব হলে তল্লাশি চালায় পুলিশ। এ সময় এ এফ রহমান হলে পেছনের পাহাড় থেকে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও ১২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অন্য চারটি হলে রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র পাওয়া যায়। শাটল ট্রেনে বগিভিত্তিক ছাত্রলীগের ‘সিএফসি’ ও ‘বিজয়’ গ্রুপের দ্বন্দ্বে গত দুই দিনে পাঁচজন আহত হন। বিবদমান পক্ষ দুটি শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
