অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১০:৫৫ পিএম

ভিজিডি ও ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ এনে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল জলিল মাস্টারের অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার চাপলীবাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে ধুলাসর ইউনিয়ন আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও কয়েক শ সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান আবদুল জলিল মাস্টার ভিজিডি ও ভিজিএফের চাল বিতরণে স্বেচ্ছাচারিতা করেছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষ না নিয়ে স্বতন্ত্র প্রার্থীর (আনারস) পক্ষে অবস্থান নিয়েছেন। এর ফলে পুরো ইউনিয়নে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আবদুল জলিল মাস্টার বলেন, ‘ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ ও লালন করে আওয়ামী লীগ তথা নৌকার রাজনীতি করে আসছি। এখনো করছি। সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়ে মাঠে কাজ করেছেন, তারাই নিজেদের আড়াল করার জন্য আমার ওপর দায়ভার চাপানোর চেষ্টা চালাচ্ছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত