পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০২:৪৯ এএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা হুমায়ুন কবিরের বিরুদ্ধে ডাকাতি করার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়ে ওই পুলিশ কর্মকর্তা কারাগারে আছেন। তেজগাঁও থানা পুলিশ ঢাকার আদালতকে জানিয়েছে, ডাকাতি মামলার এক নম্বর আসামি হলেন হুমায়ুন কবির (৩৭)। তিনি পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার গতকাল দেশ রূপান্তরকে বলেন, ডাকাতির মামলায় অ্যান্টি টেররিজমের পরিদর্শক হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়। আদালতের আদেশে তিনি কারাগারে আছেন। তবে পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবিরের আইনজীবী লিখিতভাবে আদালতের কাছে দাবি করেছেন, ডাকাতির ঘটনার সঙ্গে হুমায়ুন কবির জড়িত নন। তাকে ষড়যন্ত্র করে এ মামলায় জড়ানো হযেছে। হুমায়ুন কবীর গত ২৭ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন। গত ২৬ ফেব্রুয়ারি রাতে ডাকাতির কবলে পড়েন বাংলাদেশ ফিল্ম প্রোডাকশনের সহকারী ব্যবস্থাপক শাহজাহান সরকার। ডাকাত দলের সদস্যরা শাহজাহানকে মারধর করে তার মোটরসাইকেল কেড়ে নেয়। একই সঙ্গে এটিএম কার্ডের গোপন পিন নম্বর ও বিকাশের গোপন পিন নম্বর জেনে নেয় ডাকাতরা। এ ঘটনায় শাহজাহান সরকার বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত