চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ ২ তরুণের লাশ উদ্ধার

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০৩:৫৪ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত দুই তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে সীমান্তে এ গুলির ঘটনার পর গতকাল মঙ্গলবার দুপুরে তাদের লাশ উদ্ধার হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এই দুই যুবক মারা গেছেন বলে দাবি করেছে তাদের স্বজনরা। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গুলিতে একজনের মৃত্যুর কথা জানিয়ে বলেছে, তিনি বিএসএফের গুলিতে নিহত

 হয়েছেন কি না, তা তারা নিশ্চিত না। নিহতরা হচ্ছেন শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের মাসুদপুরের বেলাল আলী কালুর ছেলে মিলন (২১) এবং একই ইউনিয়নে তারাপুর ঠুঠাপাড়ার আফসার আলীর ছেলে সেনারুল ইসলাম (২২)। এর মধ্যে মিলন এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

নিহত মিলনের দুলাভাই আবদুর রহিম দেশ রূপান্তরকে বলেন, ‘রাত ৩টার দিকে মিলনসহ কয়েকজন ভারতে গরু আনতে গেলে বিএসএফের শোভাপুর ক্যাম্পের জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে মিলন সেখানেই মারা গেলে তার সঙ্গীরা লাশ চরতারা আমবাগানের ভেতর ফেলে চলে যায়। পরে আমরা খবর পেয়ে বাগানের ভেতর গিয়ে লাশ পড়ে থাকতে দেখি।’

একই ঘটনায় আরও তিনজন আহত হন বলে এলাকাবাসী জানিয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সেনারুল।

সেনারুলের ভাই এনামুল হক বলেন, ‘ওরা ইন্ডিয়া যাচ্ছিল। পথে বাংলাদেশ অংশেই বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে সেনারুল আহত হলে তার সঙ্গে থাকা লোকজন রাত সাড়ে ৩টার দিকে বাড়িতে রেখে যায়। পরে সেনারুলকে হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টার দিকে দাদনচক কলেজের কাছে মারা যায়।’

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সেলিম রেজা বলেন, ‘সীমান্তে দুজন নিহত হওয়ার পর পুলিশ দুপুর সোয়া ১২টার দিকে সেনারুলের বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে খাসেরহাট এলাকায় তার ভগ্নিপতি সেলিমের বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এর আগে মিলনের লাশ উদ্ধার করা হয়।’

সীমান্তে গুলিতে দুই তরুণ নিহত হওয়ার বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ার বলেন, ‘ভোরে বিজিবি সদস্যরা সীমান্তে একজনের লাশ পড়ে থাকতে দেখেছেন। তবে সে কাদের গুলিতে বা কীভাবে নিহত হয়েছে তা আমরা নিশ্চিত নই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত