ব্রেক্সিটের জন্য ফের সময় বাড়াবেন মে

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০৩:৫৪ পিএম

তিন বছর আগে কথা ছিল ২০১৯ সালের ২৯ মার্চ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে যুক্তরাজ্য। সেই তারিখ পিছিয়ে ১২ এপ্রিলে আনা হয়েছে। তাতেও হচ্ছে না। ব্রিটিশ রাজনীতি আরও অন্ধকারে ঠেলে দিয়ে দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, ব্রেক্সিটের জন্য আরও সময় চান তিনি।

মে জানিয়েছেন, চুক্তি কিংবা চুক্তি ছাড়া ইইউ থেকে বের হতে বিরোধী দলের সঙ্গে তিনি কথা বলতে চান। এত দিন এত নরম সুরে তিনি কথা বলেননি।

এদিন এক বিবৃতিতে মে বলেন, ‘এখন সমস্যা সমাধানের সময়। জাতীয় স্বার্থ রক্ষায় এখন জাতীয় ঐক্য দরকার।’

বিরোধী দলের নেতা করবিন মের প্রস্তাব গ্রহণ করেছেন। তিনি কথা বলতে রাজি।

‘ব্রিটেন এক্সিট’কে সংক্ষেপে বলা হয় ব্রেক্সিট। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া এটি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ একে অন্যের সঙ্গে ব্যবসা করতে পারে, এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে এবং সেখানে বসবাস করতে পারে।

প্রায় ৪০ বছর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকার পর ২০১৬ সালের জুনে একটি গণভোট আয়োজন করে যুক্তরাজ্য। অধিকাংশ ভোটার ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দেন।

বিচ্ছেদের বিষয়ে থেরেসা মে অনড়। কারও কথাই তিনি শুনতে চাচ্ছেন না। নিজ দলের অনেক সাংসদ তার নেতৃত্বের বিরোধিতা করছেন। তাকে সরাতে চলছে তোড়জোড়। আবার গণভোটেরও দাবি উঠেছে। কিন্তু মে আর কোনো গণভোট চান না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত