ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর অভিযোগ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০৫:৩২ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলায় চিকিৎসকের ভুলে নবজাতক শিশুসহ মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল এসে ভুক্তভোগীদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।

মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে উপজেলার কালাইয়া বন্দর লঞ্চঘাট সড়ক এলাকায় অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠান সাহেদা গফুর হাসপাতালে। মৃত জুলিয়া বেগম উপজেলার কালাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মাসুদ রানার স্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রসূতি জুলিয়া মঙ্গলবার সাহেদা গফুর হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক সকল পরীক্ষা শেষে ১০টার দিতে তাকে (জুলিয়া) সিজার করার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া যায়। দীর্ঘ সময় অপেক্ষার পরও অপারেশন থিয়েটার থেকে কোন সাড়া না পাওয়ায় জুলিয়ার পরিবার থেকে বিষয়টি জানতে চাওয়া হয়। রাত ১টায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশাল প্রেরণ করা হবে। হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্সে রোগী ও নবজাতক শিশুকে ওঠাতে গেলে স্বজনদের নজরে আসে মা ও শিশু উভয়ই মৃত। এ নিয়ে মৃতের স্বজনরা কথা বলতে গেলে তাদের বিভিন্ন ভয়ভীতি দেখায় হাসপাতাল কর্তৃপক্ষ। তখন তারা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান।

এ বিষয়ে চিকিৎসক আফিয়া ফারজানা তন্নী বলেন, অ্যানেসথেসিয়া ফেল করার কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে। অ্যানেসথেসিয়া কোন চিকিৎসক দিয়েছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, চিকিৎসক সঞ্জয় অ্যানেসথেসিয়া ইনজেকশন পুশ করেছেন। এখানে আমার কোন দায় নাই।

এ বিষয়ে কথা বলার জন্য অ্যানেসথেসিয়া চিকিৎসক সঞ্জয় কুমার সাহার ব্যক্তিগত মোবাইল নম্বরে বারবার কল করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত