ভেড়ামারায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১০:৫৮ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর বাঙ্গালপাড়া গ্রামের আনছার আলীর গোয়ালঘরে আগুন লাগে। নিহত সালেহা বেগম (৬৩) ওই বাড়ির গৃহবধূ। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি গরু, রান্নাঘর, বসতঘরসহ ঘরের আসবাবপত্র ভস্মীভূত হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গভীর রাতে গোয়ালঘরে লাগা আগুন দেখতে পেয়ে আনছার আলীর স্ত্রী বৃদ্ধ সালেহা বেগম গোয়ালঘরে গরু ছেড়ে দিতে গেলে তখনই আগুনের মাত্রা বেড়ে যায়। এতে তিনি অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রবীর কুমার দেবনাথ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। পরে ভস্মীভূত গোয়ালঘর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গরুর ঘরে মশা তাড়ানো সাজাল থেকেই এ আগুনের সূত্রপাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত