ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর অভিযোগ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১১:৫৩ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলায় ভুল চিকিৎসায় নবজাতকসহ মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে উপজেলার কালাইয়া বন্দর লঞ্চঘাট সড়ক এলাকায় অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠান সাহেদা গফুর হাসপাতালে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে ভুক্তভোগীদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেয়। মৃত জুলিয়া বেগম উপজেলার কালাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাসুদ রানার স্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্তঃসত্ত্বা জুলিয়া গত মঙ্গলবার সাহেদা গফুর হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক সব পরীক্ষা শেষে রাত ১০টার দিকে তাকে (জুলিয়া) সিজারিয়ান করার জন্য অপরেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও অপারেশন থিয়েটার থেকে কোনো সাড়া না পাওয়ায় জুলিয়ার পরিবার থেকে বিষয়টি জানতে চাওয়া হয়।

পরে রাত ১টায় হাসপাতাল কর্র্তৃপক্ষ জানায়, রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত বরিশাল পাঠানো হয়েছে। হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্সে রোগী ও নবজাতককে তুলতে গেলে স্বজনদের নজরে আসে মা ও শিশু উভয়ই মৃত। এ নিয়ে মৃতের স্বজনরা হট্টগোল শুরু করেন। এ বিষয়ে সাহেদা গফুর হাসপাতালের গাইনি চিকিৎসক আফিয়া ফারজানা তন্নী বলেন, অ্যানেসথেসিয়া ফেল করার কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে। অ্যানেসথেসিয়া (অচেতন করার ওষুধ) কোন চিকিৎসক দিয়েছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চিকিৎসক সঞ্জয় অ্যানেসথেসিয়া ইনজেকশন পুশ করেছেন। এখানে আমার কোনো দায় নেই।’ এ বিষয়ে কথা বলার জন্য সঞ্জয় কুমার সাহার মোবাইল নম্বরে বারবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত