চট্টগ্রাম আদালতে জেলা পুলিশের মালখানায় চুরির ঘটনায় অবশেষে মামলা করা হয়েছে। গত ১৮ মার্চ চুরির ঘটনা জানাজানির পর গত মঙ্গলবার রাতে কোতোয়ালী থানায় মামলা করেন জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) বিজন কুমার বড়ুয়া ।
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘মামলা হলেও কারো নাম উল্লেখ করা হয়নি। ১৭ মার্চ সকাল সোয়া ১১টা থেকে পরদিন সকাল ৯টার মধ্যে চুরি হয়েছে বলে এজহারে উল্লেখ করা হয়।’
অভিযোগে বলা হয়, চারটি থানার আলামত খোয়া গেলেও নগদ কোনো টাকা চুরি হয়নি।
পুলিশ পরিদর্শক বিজন কুমার বড়ুয়া বলেন, ‘তালিকা ধরে গরমিল থাকা ২৭ লাখ ২২ হাজার ৯৭১ টাকার হিসাব পেয়েছি। কিন্তু চারটি মামলার আলামত পাইনি।’ চুরির পর মালখানায় নতুন তালা লাগিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা।
তিনদিনের ছুটি শেষে পুলিশ কর্মকর্তারা মালখানার দরজায় নতুন তালা দেখতে পান। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা ভেঙ্গে ভেতরে আলামত তছনছ অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় মালখানার দায়িত্বে থাকা দুই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়।
