কাস্টমস কর্মকর্তা সেজে প্রতারণা, গ্রেপ্তার ৬

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০২:৫৫ এএম

কাস্টমস কর্মকর্তা সেজে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক চৌধুরী মুঞ্জুরুল কবির এ তথ্য জানান।

তিনি বলেন, গত মঙ্গলবার রাত ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৬টা পর্যন্ত র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে নুরুল হক (৫৭), শেখ আলম (৪৩), ফিরোজ আলম (৫৭), মোশারফ হোসেন (৫৪), মাসুদ রানা (৪৩) ও রেনু মিয়া ওরফে রনিকে (৩৮) গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণার মামলা রয়েছে। এ সময় তাদের থেকে সহকারী কাস্টমস কমিশনারের দুটি র‌্যাংক ব্যাজ, সাদা শার্ট ছয়টি, বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি ভিজিটিং কার্ড এবং প্রতারণার কাজে ব্যবহৃত আটটি মোবাইল জব্দ করা হয়।

চৌধুরী মুঞ্জুরুল কবির বলেন, ‘কাস্টমসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়া ও বিভিন্ন ব্যবসার নামে প্রতারণা করে আসছিল চক্রটি। তারা পাঁচ ভাগে বিভক্ত হয়ে অপরেশন চালাত। সহকারী কাস্টমস কমিশনার, কমিশনারের ভাই, শ্যালক বা ভাগ্নে পরিচয়ে বিভিন্ন লোককে কাস্টমস বিভাগে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত