পূর্ব নির্ধারিত সময় ও স্থানে পরিবর্তনের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডাকা বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা।
সীমান্তবর্তী এলাকার বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে রাজধানীর পিলখানায় সদর দপ্তরে বৃহস্পতিবার দুপুর ১টায় সংবাদ সম্মেলন ডাকা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন আয়োজনের কথা সাংবাদিকদের মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে জানান।
তাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও উপস্থিত থাকার কথা ছিল।
কিন্তু পূর্ব নির্ধারিত স্থানে সংবাদ সম্মেলন না করে এবং সময় দুই ঘণ্টা পেছানোর কারণে অব্যবস্থাপনার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকরা।
একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক জানান, সংবাদ সম্মেলন কাভারের জন্য নির্ধারিত সময় ১টার দিকে ৫০জন সাংবাদিক বিজিবির সদর দপ্তরে হাজির হন । কিন্তু বিজিবি কর্তৃপক্ষের অব্যবস্থাপনার জন্য ৪৫ জন সাংবাদিকই সংবাদ সম্মেলন বয়কট করে চলে গেছেন।
