বরিশালে বাসচাপায় শাহ আলম (৫০) নামে একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে ওই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ বাস চালককে আটক করেছে।
নিহত শাহ আলম বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের চরআইচা গ্রামের বাসিন্দা।
তিনি বরিশাল সোনারগাঁও টেক্সটাইট মিলের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, শাহ আলম রূপাতলী এলাকায় সোনারগাঁও টেক্সটাইল মিলের সামনে সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে কুয়াকাটাগামী ঈগল পরিবহণের একটি বাস তাকে চাপা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর পরই বাসসহ চালক পালিয়ে যান। পরে চালককে পটুয়াখালীর দুমকী থানা পুলিশের সহযোগিতায় লেবুখালী এলাকা থেকে আটক করা হয়।
এদিকে দুর্ঘটনায় শাহ আলমের মৃত্যুর খবরে স্থানীয় জনতা ও সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তারা তাদের মিল সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বাস ও চালকের বিচার দাবিতে বিক্ষোভ করেন।
